আট ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৭
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি পারাপার বন্ধ ছিল। ফলে কনকনে শীতে মাঝ নদীতে আটকা পড়া ৪টি ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম, থোবাল ও লেন্টিনে থাকা সহস্রাধিক যাত্রী চরম বিড়ম্বনায় পড়ে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে দেখা দেয় যানজট। বিআইডব্লি¬উটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, গত কয়েক দিনের কুয়াশায় ফেরি সার্ভিস বার বার ব্যাহত হচ্ছে। কুয়াশার ঘনত্ব এত বেশি যে নৌ পথের বিকন বাতিসহ অতি কাছের কোন কিছুই দেখতে পাচ্ছিল না ফেরি চালকরা। ফলে বাধ্য হয়েই ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। উভয় ঘাটে নাইটকোচসহ ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে। ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী পণ্য পরিবহনকারী যানবাহন এবং বাস ও নৈশকোচের যাত্রীরা কুয়াশার কারণে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছে।