এলিট ফোর্স র্যাব। ১২টি ব্যাটালিয়ন। সর্বাধুনিক প্রযুক্তির অধিকারী। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। মাদক সন্ত্রাস প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। অধিকাংশ অভিযানই গোপন সংবাদের ভিত্তিতে। এ রকম অভিযানের একদিন ২০ ডিসেম্বর। ২৪ ঘন্টার অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৪৪৩ বোতল ফেনসিডিল। আর ৯২ বোতল ফেনসিডিল ও ৬৩ পিস ইয়াবাসহ এক মহিলাসহ চারজনকে গ্রেফতার করে। আর স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার আরো একজন। এ নিয়ে সারা দেশে মোট গ্রেফতার ৫।
র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, র্যাবের মাদক বিরোধী অভিযানে প্রতিদিনই সমানভাবে মাদক উদ্ধার ও গ্রেফতার হবে তা ঠিক না। প্রতিটি ব্যাটালিয়নের সদস্যরা আন্তরিকতার সাথেই এ অভিযান পরিচালনা করছেন। বৃহস্পতিবারের উদ্ধার ও গ্রেফতারের সংখ্যা নিয়ে তিনি বলেন, এর একদিন আগেও র্যাব সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তিনি আরো বলেন, একদিন দুই দিন নয়, গত ১৫ দিনের হিসাব মেলালেই মাদক অভিযানে র্যাবের সফলতার পরিসংখ্যান পাবেন।
গতকাল শুক্রবার এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি র্যাব সদর দফতর থেকে পাঠানো হয়। এতে তার বিস্তারিত জানানো হয়। র্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন নবীনগর সুরগাঁও এলাকায় অভিযান চালায় রাতে। ১৩ পিস ইয়াবা উদ্ধার আর গ্রেফতার হয় পলাশ নামে এক যুবক।
র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সদর থানার সোনাইকান্দা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৩৩৫ বোতল ফেনসিডিল। একই ব্যাটালিয়নের অপর একটি টিম পবা থানার কসবা থেকে উদ্ধার করে ১০৪ বোতল ফেনসিডিল। এটাও পরিত্যক্ত অবস্থায়। আর পুঠিয়া ধানাধীন দিঘলবাড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ী অভিযোগে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯২ বোতল ফেনসিডিল। র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দৌলতপুর রেল স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ১০১ বোতল ফেনসিডিল।
র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থানাধীন মোহাম্মদ আলী বাজারের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ টাঙ্গাইল সদর থানার পৌর উদ্যান এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৫০ পিস ইয়াবা। জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে হালিমা নামে এক মহিলাকে। তবে অভিযানের সময় র্যাব-২ রাজধানীর কলাবাগান এলাকা থেকে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে লালমনিরহাটের হাতীবান্ধা থানার রমনী গ্রামের বাসিন্দা আমির হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ ভরি স্বর্ণ, সাড়ে ১২ ভরি রূপা ও একটি হীরার আংটি।
