অস্ত্র নিয়ন্ত্রণে আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করুন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৮
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই আহবান জানিয়ে বলেন, আপনাদের সাহায্য আমার প্রয়োজন। কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণে হোয়াইট হাউজের ওয়েবসাইটে কয়েক হাজার লোকের আর্জির জবাবে ওবামা এ আহবান জানান। খবর রয়টার্সের। গত সপ্তাহে কানেকটিকাটের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০ জন শিশুসহ ২৬ জন নিহত হয়। ভিডিও বার্তায় ওবামা বলেন, যদি আমরা আমাদের অস্ত্র নিয়ন্ত্রণের পদক্ষেপকে সফল করতে চাই তাহলে সকল মা, বাবা, ভাই বোন, আইন প্রয়োগকারী সংস্থা, অস্ত্র বিক্রেতা, সংগঠনসহ সকলের সহযোগিতা দরকার। তিনি কংগ্রেসে এ সংক্রান্ত বিল পাস করার আহবার জানান। তিনি সকলকে আইন প্রণেতাদের প্রতি চাপ সৃষ্টিরও আহবান জানান।