জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল ২৭ ডিসেম্বর প্রকাশ হতে পারে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৮
আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার একসঙ্গে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ চারটি পরীক্ষার ফলাফলের সারাংশ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন বলেন, ২০১২ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে একসাথে দুটি পরীক্ষার এত সংখ্যক পরীক্ষার্থীকে মোবাইল এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে দেয়ার ক্যাপাসিটি টেলিটক মোবাইল অপারেটর নেই । এ কারণে হয়তো একই দিন ফল প্রকাশ সম্ভব হবে না। তবে এ বিষয় আগামী রবিবার সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একই দিনে বা পৃথক দিনে ফল প্রকাশ হবে কী না তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপরই নির্ভর করে। উল্লেখ্য, এবার পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জেএসসি-জেডিসিতে প্রায় ৪৯ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে।