মেহেরপুর, ফরিদপুর ও চট্টগ্রামসহ সারাদেশে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ফরিদপুর প্রতিনিধি: জেলার সালথা উপজেলার বালিয়া বাজার নামক স্থানে গতকাল ফরিদপুর থেকে সালথাগামী যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, নিহতদের মধ্যে তেলী সালথা গ্রামের ৫ বছরের শিশু নিয়ামত উল্লাহ, মা পান্না বেগম (৩৫) ও মোকসেদপুরের হাসি বেগমের (৪০) পরিচয় জানা গেছে।
গোপালগঞ্জ: সদর উপজেলার কাজুলিয়া ও বয়রা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের সাহাদত্ হোসেনের ছেলে সোহান (১৩) নিহত হয়। পুলিশ জানিয়েছে, গতকাল দ্রুতগামী একটি মাইক্রোবাস, পথচারী সোহানকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়ায় ইজি বাইক থেকে পড়ে শ্রমিক ছালাম গাজী (৫০) মারাত্নক আহত হন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দী নামক স্থানে ট্রাকের চাকায় পিস্ট হয়ে পাওয়ার ট্রলি চালক আবুল কাশেম (৫০) নিহত হন। নিহত কাশেম মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খোদা বকসের ছেলে। বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ ঘটনা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম অফিস: নগরীর বন্দর এলাকায় গতকাল ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ক্যাম্প জানায়, বন্দর থানার নিমতলা এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া চালিত একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে সংবাদদাতা: ভুরুঙ্গামারীতে ভটভটি উল্টে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল কাশেম বাজারের তালতলা নামক স্থানে যাত্রীবাহী একটি ভটভটি উল্টে শামসুল হক (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। তার গ্রামের বাড়ি নাগেশ্বরী উপজেলার কচাকাটা গ্রামে। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
