আজ আইইবির নির্বাচন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:১৬
আজ রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) নির্বাচন। দেশের ১৬টি কেন্দ্র এবং ৩৫টি উপ-কেন্দ্রে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে আইইবির মোট সদস্য সংখ্যা ৪০ হাজার। সংগঠনটিতে ভোটার সংখ্যা রয়েছে মোট ১৯ হাজার। কেন্দ্রীয় মোট ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এবারের নির্বাচনে বিএনপি-জামায়াতের পক্ষে সভাপতি প্রার্থী দিতে পারেনি। এদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে আইইবির সভাপতি প্রার্থী হয়েছেন বুয়েটের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার শামিমুজ্জামান বসুনিয়া। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান। ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিপিডিসির ম্যানেজার মেজবাহুর রহমান টুটুল, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল আজিম জোয়ারদার, অগ্রণী ব্যাংকের পরিচালক ও বর্তমান আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ওয়াসার তত্ত্বাবদায়ক প্রকৌশলী ওয়ালি উল্লাহ শিকদার। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিতদের সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বুয়েটের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সদরুল আমিন, প্রকৌশলী আবদুর রউফ, প্রকৌশলী খান মনজুর মোর্শেদ, প্রকৌশলী আমিনুর রশীদ। এ ব্যাপারে আইইবির বর্তমান প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা ইত্তেফাককে বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইইবির দীর্ঘদিনের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইইবির সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন।