ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ গুরুতর অসুস্থ। রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পর বর্তমানে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এমাজউদ্দীনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন ইত্তেফাককে বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আশা করছি পুরোপুরি সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে পরিবারের সদস্যরা ড. এমাজউদ্দীনকে অজ্ঞান অবস্থায় স্কয়ার হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি ডা. কাজী আহসানের তত্ত্বাবধানে আছেন। অধ্যাপক এমাজউদ্দীন নিউমোনিয়া ও কিডনি জটিলতায় ভুগছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছে তার পরিবারের সদস্যরা।
অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পরে তিনি ইউনিভার্সিটি অব অলটারনেটিভ ডেভেলপমেন্টের (ইউডা) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
