মাগুরার শ্রীকুণ্ঠি গ্রামে নবগঙ্গা নদীতে নৌকা ডুবিতে ৬ জন যাত্রীর মর্মান্তিক মুত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রামবাসী উক্ত ৬ যাত্রীর লাশ উদ্ধার করে। মৃতরা হলেন একই পরিবারের সদস্য শ্রীকুণ্ঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিজিত প্রামাণিক (৫৯), তার বড় ভাই নিরাপদ প্রামাণিক (৬২), তাদের নাতিছেলে দিপ্ত প্রামাণিক (১২), একই গ্রামের কাজলী মণ্ডল (৪৬), উত্তম বিশ্বাস (৪৩), সজিত্ প্রামাণিক (৩৬)। তারা সকলেই শুক্রবার রাতে পার্শ্ববর্তী মাগুরা সদর উপজেলার বরই গ্রামে নিখিল পালের বাড়িতে রামযাত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। গভীর রাতে অনুষ্ঠান শেষে ১৫ জন যাত্রী বরই ঘাট থেকে নৌকাযোগে শ্রীকুণ্ঠি ঘাট পার হওয়ার সময় ঘন কুয়াশার কারণে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের চিত্কারে গ্রামবাসী এগিয়ে এসে উদ্ধার তত্পরতায় অংশ নেয়। নৌকার ৯ জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৬ জন পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির পর সকালে নবগঙ্গা নদী থেকে এই ৬ জনের লাশ গ্রামবাসী উদ্ধার করে শ্রীকুণ্ঠি স্কুল মাঠে নিয়ে আসে। খবর পেয়ে মাগুরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃত দেহগুলো তাদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। বিকালে উক্ত গ্রামে তাদের শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। একই সাথে ৬ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
