তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিদায় নিন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:২১
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আজ বিএনপির গণ-জাগরণ উঠেছে। আওয়ামী সরকারের দুঃশাসন, নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে আজ সারা দেশে বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেয়া হবে না। তাই আমি আশা করবো, সরকার দেশকে সংঘাতের দিকে না নিয়ে গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবেন। আওয়ামী লীগ সরকার যদি সংঘাত করে নির্বাচনে যেতে চায় জনগণ তা কখনই মেনে নিবে না বরং প্রতিহত করবে। এদেশে বিএনপিসহ ১৮ দলকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবে না। একদলীয় নির্বাচন হতে পারে না। পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বারের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন এ কথা বলেন। জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মেজর (অবঃ) নিয়াজ আহম্মদ জাবেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সভাপতি ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, পাথরঘাটা বিএনপির নেতা এম মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা রাশেদুল ইসলাম নাসির, যুবদল সভাপতি এরফান আহম্মদ সোয়েন, সম্পাদক আজগর পহলান, স্বেচ্ছাসেবক দল সভাপতি রেজাউল করিম বাদশা, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন সিকদার ও মিজানুর রহমান মিরাজ প্রমুখ।