রাজধানীতে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের ৩৬ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম গতকাল শনিবার এ আদেশ দেন। রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও থানার দায়ের করা দুই মামলার তদন্ত কর্মকর্তা ছাত্রশিবিরের ৩৮ নেতাকর্মীকে আদালতে হাজির করে। তেজগাঁও থানায় দায়ের করা মামলায় ২৮ জনকে ৭ দিন এবং যাত্রাবাড়ী থানার মামলায় ১০ জনকে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন । উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৩৬ জনকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এক আসামি হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ায় ও অপর আরেক আসামি কম বয়সী বিবেচনায় দুই জনকে কারগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
যাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে তাদের মধ্যে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি (পশ্চিম) সাজ্জাদ আলম খান, সেক্রেটারি গোলাম কিবরিয়া রয়েছেন। নাশকতার অভিযোগে গত শুক্রবার রাজধানীর তেজগাঁও ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩৮ জনকে আটক করে পুলিশ।
