সময়ের সাথে সাথে স্মার্টফোন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আর স্মার্টফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে স্মার্টফোনের ব্যাটারির আয়ুর খুব বেশি উন্নয়ন ঘটেনি। আর তাই স্মার্টফোনের চার্জিং নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় ব্যবহারকারীদের। বিশেষ করে বাড়ির বাইরে থাকলে এটি বেশি চিন্তার উদ্রেক করে। তবে যারা সামনের বছর টয়োটার নতুন মডেলের গাড়ি কিনতে পারবেন, তাদের জন্য স্মার্টফোনের চার্জ আর কোনো সমস্যার বিষয় নয়। টয়োটার নতুন এক মডেলের গাড়িতে যুক্ত হতে যাচ্ছে এমন এক ধরনের বিশেষ ম্যাট, যেটি কিনা কাজ করবে স্মার্টফোনের চার্জার হিসেবে। অর্থাত্ গাড়ি চালানোর সময় এই ম্যাটের উপরে স্মার্টফোনটি রাখলেই সেটি চার্জ হতে থাকবে। এর জন্য প্রয়োজন হবে না কোনো চার্জার, কেবল বা অ্যাডাপ্টার। ‘অ্যাভালন সেডান’ মডেলের গাড়িগুলো টয়োটা সামনের বছরের মধ্যেই বাজারে আনবে বলে জানিয়েছে। ওয়্যারলেস ম্যাটের মাধ্যমে তার বা কোনো চার্জার ছাড়াই স্মার্টফোন চার্জিংয়ে যে প্রযুক্তিটি ব্যবহার করা হবে, তার নাম ‘চি’। ‘চি’ প্রটোকলসমৃদ্ধ যেকোনো স্মার্টফোনকে গাড়ির বিশেষ ম্যাটের উপর স্থাপন করা গেলেই সেটি চার্জ হতে থাকবে। টয়োটা জানিয়েছে, ইতোমধ্যেই বাজারে যেসব স্মার্টফোন পাওয়া যাচ্ছে, তার ৩০টিরও বেশি স্মার্টফোনে রয়েছে এই ‘চি’ প্রটোকল। গুগল নেক্সাস ৪, নকিয়ার লুমিয়া ৯২০, এইচটিসি উইন্ডোজ ফোন ৮এক্সসহ আরও জনপ্রিয় সব মডেলেই রয়েছে এটি। ‘চি’ প্রযুক্তিটি মূলতই কাজ করে চৌম্বকীয় আবেশের মাধ্যমে। একটি চৌম্বকক্ষেত্রে শক্তির স্থানান্তরের কাজটি সম্পন্ন হয় এই প্রক্রিয়ায়। এই চৌম্বকীয় আবেশ প্রক্রিয়ায় মোবাইল ফোনকে তারহীন ব্যবস্থায় চার্জ করতে ২০০৮ সালে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম একে একটি উন্মুক্ত স্ট্যান্ডার্ড হিসেবে উদ্ভাবন এবং এর উন্নয়নের সিদ্ধান্ত হয়। স্যামসাং, নকিয়া, এইচটিসি, মটোরোলা মোবিলিটি, সনিসহ ওয়্যারলেস পাওয়ার কনজাম্পশন কনসোর্টিয়ামের শতাধিক দেশ এই সিদ্ধান্তে সহমত পোষণ করে। উন্মুক্ত স্ট্যান্ডার্ড হওয়ায় যেসব ডিভাইসে ‘চি’ প্রটোকল বিল্ট-ইন থাকবে, সেগুলো যেকোনো ধরনের ‘চি’ সমর্থিত ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে। গত বছরে জেনারেল মটোরসও ঘোষণা দেয় তাদের গাড়িতে এইরকম তারহীন স্মার্টফোন চার্জার যুক্ত করার, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে পরীক্ষামূলকভাবে অনেক স্থানেই ‘চি’ সমর্থিত ওয়্যারলেস চার্জার প্যাড ব্যবহার করা হচ্ছে। এই ধারাবাহিকতাতেই টয়োটা তাদের অ্যাভালন সেডানে যুক্ত করতে যাচ্ছে এই ওয়্যারলেস স্মার্টফোন চার্জার। টয়োটার এই উদ্যোগকে সময়ের সাথে তালমিলিয়ে চলা আধুনিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হিসেবেই অভিহিত করেছেন টয়োটা অ্যাভালনের প্রধান প্রকৌশলী র্যান্ডি স্টিফেনস।
