স্কুলে যায় না বেলগাছা ইউনিয়নের এক-তৃতীয়াংশ শিশু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে স্কুলে যায় না ৭৮২ শিশু। মোট স্কুলগামী শিশুর সংখ্যা ১ হাজার ৫১১ জন। গৃহকর্মেরত শিশু ও অন্য শিশুদের ইউনিয়ন ভিত্তিক তথ্য সংরক্ষণ ও রেজিস্ট্রেশন ফরমেট হস্তান্তর বিষয়ক সভায় জরিপ রিপোর্ট প্রকাশকালে শনিবার এসব তথ্য জানানো হয়। এসময় জরিপ রিপোর্ট ও রেজিস্ট্রেশন ফরমেটের বাঁধাই কপি আনুষ্ঠানিকভাবে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। বেলগাছা ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত অনুসন্ধানে সংগৃহিত তথ্যে জানা যায়, এই ইউনিয়নে ২ হাজার ২৯৩ জন শিশুর মধ্যে শ্রমজীবী শিশু ৭০ জন, শ্রমজীবী ছাত্র ২৩৪ জন, শুধু স্কুলে যায় এমন শিশু ১ হাজার ২৭৭ জন এবং অন্যান্য ৭১২ জন। এই ইউনিয়নে মোট পরিবার ১ হাজার ৫০০টি, এরমধ্যে ছেলে শিশু ১ হাজার ২৩২ জন এবং মেয়ে শিশু ১ হাজার ৬১ জন। শ্রমজীবী শিশুদের মধ্যে অন্যের বাসায় কাজ করে ১৪ জন এবং অন্যান্য কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ২৯০ জন। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে পাইলট প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং আইন ও সালিশ কেন্দ্র। স্থানীয় সলিডারিটি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত জরিপ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও সচেতন নাগরিক কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন। স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, আলেয়া বেগম প্রমুখ।