শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল স্থানিয় পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় ২০১২-১৩ বছরের জন্য ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মঞ্জুর কাদের। একই সাথে গভর্নিংবডির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। অন্যান্য কর্মকর্তারা হলেন আকবর আলী মর্জি, নজিব আহমেদ, শরিফ আতাউর রহমান, ওসমান গনি তালুকদার, এবিএম সিদ্দিক, হাসান আহমেদ চৌধুরী কিরণ, গাউস উদ্দিন খান, নাসির হোসেন, আব্দুল্লাহ আল জহির স্বপন, কৃষ্ণা নন্দ দাস। এই কমিটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আরো গতিময় করার জন্য কাজ করবে বলে সদস্যরা জানিয়েছেন। ক্লাব সংশ্লিষ্টরা মনে করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশের সেরা সংগঠন হিসাবে তার ভাবমূর্তি তুলে ধরবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ ক্লাবের গভর্নিংবডির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় শেখ জামালের কর্মকর্তারাও বেশ খুশি। এখানে উল্লেখ করা যায় বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিখুঁতভাবে পালন করে বেনজির আহমেদ দারুণ প্রশংসিত হয়েছিলেন। পেশাদার ফুটবল লিগে বর্তমানে শেখ জামাল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মহিলা ফুটবলে রয়েছে তাদের শিরোপা। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে এবং গ্রামীণফোন পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
