লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণামতি ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় গতকাল রবিবার থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, শনিবার গভীর রাতে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি পণ্যবাহী ট্রাক ব্রিজটি অতিক্রমকালে ব্রিজের পশ্চিম পার্শ্বের একটি পাটাতন ভেঙ্গে যায়। আর এ কারণে রবিবার ভোর থেকে পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে যোগাযোগ সচল রাখতে সকাল থেকে নিরলসভাবে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগের লোকজন। তবে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাকগুলো চাপারহাট লালমনিরহাট লোকাল বাইপাস সড়ক হয়ে যাতায়াত করছে। এর ফলে বিপাকে পড়েছে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার যাত্রীরা। তাদেরকে অতিরিক্ত ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর লালমনিরহাট যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ দ্বিতল ব্রিজটি জোড়াতালি দিয়ে সচল রাখার চেষ্টা করলেও নতুনভাবে তৈরির কোন উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়তই ভেঙ্গে যাচ্ছে ব্রিজটির পাটাতন। এলাকাবাসীর মতে, ব্রিজটিতে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
