পৃথক ঘটনায় পাঁচ জনের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
বিভিন্নস্থানে পৃথক ঘটনায় মারা গেছেন পাঁচ জন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের রিপোর্ট। গাইবান্ধা রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের একবারপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার চৌধুরী (৬৫) চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে মারা গেছেন। নিহত আফছার চৌধুরীর বাড়ী একবারপুর গ্রামে।শরণখোলা (বাগেরহাট) বাগেরহাটের শরণখোলার উত্তর তাফালবাড়ি গ্রামে শনিবার রাতে আরিফ পহলান (২০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে, উপজেলার সোনাতলা গ্রামে নাত বৌয়ের হাতে শামবরু (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হত্যার অভিযোগে নাত বৌ হামিদা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের লুত্ফর পাহলানের ছেলে আরিফ শনিবার সন্ধ্যায় একটি তেঁতুল গাছের সঙ্গে গলায় লাইলনের দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে, উপজেলার সোনাতলা গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অহেজ উদ্দিনের স্ত্রী শামবরুকে তার নাত বৌ হামিদা বেগম ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) আলমডাঙ্গা পৌর এলাকার সাদা ব্রীজের সামনে কালিদাসপুর-আসাননগর রোডে গত শনিবার সন্ধ্যায় আরিফুল ইসলাম নামে পুলিশের এক সাব ইন্সপেক্টর ট্রলির ধাক্কায় নিহত হন। মোটর সাইকেল যোগে কুষ্টিয়ায় কর্মস্থলে যাবার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) রায়গঞ্জে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তীব্র শীত জেঁকে বসেছে। শনিবার রাতে তীব্র শীতে কোল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে পৌর এলাকার পূর্ব লক্ষ্মীকোলা মহল্লার কাঠ ব্যবসায়ী মোঃ নূরুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে দারিদ্র্যপীড়িত মানুষের জীবনযাত্রা। কৃষকেরা বোরো বীজতলা তৈরি নিয়ে বিপাকে পড়েছেন। রোদের অভাবে চাতালে চাল উত্পাদন বন্ধ হয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় ৫ আনসার আহত ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে রবিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার নিকট দুর্ঘটনার কবলে পড়ে ৫ আনসার সদস্য আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ আলী মিঞা জানান, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন শেষে টাঙ্গাইলের কালিহাতীর ২০ আনসার ব্যাটালিয়নের ৫০ সদস্যের একটি দল এসবি পরিবহনের একটি বাসে নিজ ক্যাম্পে ফিরছিলেন। বাসটি বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার নিকট পৌঁছলে পিছন দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলসের অপর একটি বাস ধাক্কা দেয়। এসময় নিরাপত্তার বাহিনীর সদস্য নায়েক ভুপেন্দ নাথ, রুহুল আমীন, আব্দুস সালামসহ ৫ জন আহত হয়। পুলিশ ঘাতক বাসটিকে এলেঙ্গা থেকে আটক করেছে।