দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতি নতুন কোন কিছু নয়, তা অতীতেও ছিল, এখনও আছে। দুর্নীতি যখন বেড়ে যায় তখন দেশের সকল উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দুর্নীতি মূলত দুই ধরনের। একটি খুব উচ্চ পর্যায়ে দুর্নীতি। সেখানে কি হচ্ছে তা সাধারণ মানুষ বুঝতেও পারে না। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসক সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। বক্তৃতা করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত্ কুমার ভট্টাচার্য্য, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মুজিবুর রহমান, বিটিভি প্রতিনিধি আলমগীর খান প্রমুখ।
