সংসারের অভাব ঘুচাতে ভিটেবাড়ী বিক্রি করে দুবাই গিয়েছিলেন উখিয়ার পশ্চিম দরগাহ বিল এলাকার আবদুল মজিদ (৫৫) ও তাঁর ছেলে আবু সামা (২০)। দুবাই থেকে একটি চক্র তাকে এবং তাঁর ছেলেকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে এসেছে। পাকিস্তান থেকে ফোনে তাঁরা মজিদের বাবার কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে।
ছেলে এবং নাতিকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে গত শুক্রবার এবং রবিবার পরিবারের সদস্যরা কক্সবাজার শহরে দুই দফায় মানববন্ধন করেছে। মজিদের বাবা জানান, প্রায় ২ বছর আগে উখিয়ার চাক বৈঠা এলাকার বেলাল হোসেন নামক এক ব্যক্তির মাধ্যমে আড়াই লাখ খরচ করে তার ছেলেকে দুবাই পাঠিয়েছিলেন। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়ে একটি চক্র তার ছেলেকে দুবাই থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতে শুরু করে। ওই চক্র প্রথমে দুবাই থেকে পরে ইরান, ওমান ও সর্বশেষ পাকিস্তান থেকে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে। গত বুধবারও দুষ্কৃতকারীরা পাকিস্তানের ০০৯২৩৪১৮৩১৪২৭৩, ০০৯২৩৪১৮৩১৪২৭৪ এবং ০০৯২৩৪১৮৩১৪২৭৫ নম্বর থেকে ফোন করে জানিয়েছে মুক্তিপণের টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে। তিনি আরো বলেন, অপহরণকারীদের দেওয়ার মত কিছুই নেই। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আমরা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমেছি।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিষয়টি জানার পর আমি সরকারের উর্ধতন মহলকে অবহিত করেছি। আশা করি সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে শীঘ্রই উদ্যোগ নেবেন।
