কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে বিজিবি’র সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। এখানে দিন দিন পর্যটকের ভিড় বাড়ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক, দর্শনার্থী ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন এ স্মৃতিসৌধ দেখতে আসছেন।
সংশ্লি¬ষ্ট সূত্রে জানা যায়, দেশি-বিদেশি পর্যটকের কথা চিন্তা করে এবং স্মৃতিসৌধকে কেন্দ্র করে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার অধীনে একটি ক্যাফেটেরিয়া, একটি রিসোর্ট, মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত একটি আর্কাইভ, একটি মনুমেন্ট, পর্যটকদের গাড়ি পার্কিং সুবিধা, বাউন্ডারি ওয়াল, চিলড্রেন কর্নার নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ সিপাহী হামিদুর রহমান আত্মোত্সর্গের মাধ্যমে কতর্ব্যপরায়ণ, সাহসিকতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ২০০৬ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত বিভাগ ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে।
