ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ করবে সেনাবাহিনী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০৪
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা হলে আমরা সংশোধন হতে পারি। সমালোচকরা আমার বড় বন্ধু। তিনি শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্পের চারটি প্যাকেজের মধ্যে দু’টি প্যাকেজের কাজ সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিতে এসে গাজীপুরের রাজেন্দ্রপুরে সাংবাদিকদের এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার প্যাকেজের মধ্যে মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত দুই লেনের কাজ চলমান রয়েছে। আর মাওনা থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা পর্যন্ত বাকি দুই লেনের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ দুই প্যাকেজের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। পরে জটিলতা নিষ্পত্তির পর আমরা এ দুই প্যাকেজের কাজ শুরু করতে যাচ্ছি। আগামী একবছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হবে। পরিদর্শনকালে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব (সড়ক বিভাগ) এম.এ.এন সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং এন চীফ), মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, সওজের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী উত্পল সামান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।