রায়পুরায় ঝিমিয়ে পড়ছে ১৮ দলীয় জোটের আন্দোলন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০৫
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে ১৮ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলন যখন বেগবান হতে চলেছে ঠিক তখনি রায়পুরা উপজেলাতে ঝিমিয়ে পড়েছে ১৮ দলীয় জোটের কার্যক্রম। জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৩ দলেরই কোন অস্তিত্ব নেই রায়পুরা উপজেলায়। শরীক দল জামায়াতসহ ৩/৪টি দল থাকলেও তাদের নেতাকর্মীদের হরতাল কর্মসূচিতে মাঠে দেখা যায়নি। ফলে দেশের প্রধান বিরোধী দল বিএনপি বন্ধুহীন হয়ে পড়ায় ঝিমিয়ে পড়ছে রায়পুরা উপজেলায় সরকারবিরোধী আন্দোলন। চলতি মাসের ১৮ দলীয় জোটের ডাকা হরতাল, অবরোধ, বিক্ষোভে বিএনপির পাশে এসে কেউ দাঁড়ায়নি। দেখা যায়নি জোটভুক্ত কোন রাজনৈতিক দলকে। এ বিষয়ে সচেতনদের অনেকেই বলছেন, বর্তমান ক্ষমতাসীন মহাজোটের আদলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটলেও বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস ছাড়া রায়পুরায় বাকি ১৩টি রাজনৈতিক দলের কোন অস্তিত্ব নেই। এ ব্যাপারে কথা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী মুন্সীর সাথে। তারা জানান, ১৮ দলীয় জোটের শরীক ৩/৪টি দল রায়পুরায় আছে। এদিকে সরকারবিরোধী আন্দোলন ঝিমিয়ে পড়ার কারণ হিসেবে রায়পুরা উপজেলা বিএনপির কোন্দলকেও দায়ী করছেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।