জাতীয় সংসদে বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে একরকম আইন দুই রকমভাবে প্রয়োগ করা হচ্ছে। ২৬ ডিসেম্বর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া রাজধানীতে যেসব পথসভা করবেন তার অনুমতি এখনো মহান গর পুলিশ দেয়নি। অথচ ক্ষমতাসীন ১৪ দল রাজপথে গণমিছিল করেছে, পুলিশের অনুমতি লাগেনি। এভাবে দেশে একই আইনের দুই রকম প্রয়োগ চলছে। বিরোধী দলের জন্য আইনের একরকম প্রয়োগ আর ১৪ দলের জন্য ভিন্নরকম। আইনের এরকম দ্বৈত প্রয়োগ মেনে নেয়া যায় না। গণসংযোগে বাধা দেয়া হলে দেশে আগুন জ্বলবে।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার এভাবেই বিরোধীদলকে দাবিয়ে রেখে ক্ষমতায় টিকে থাকতে চায়। হলমার্ক, পুঁজিবাজার, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, পদ্মা সেতু প্রকল্প এসব থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাতে তারা যত কারসাজিই করুক না কেন আগামীতে আর ক্ষমতায় আসতে পারবে না।
ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক এমপি হেলেন জেরিন খান, রফিক সিকদার, এবিএম মোশারফ হোসেন, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব শাহিদুর রহমান তামান্না প্রমুখ বক্তব্য দেন। ২৬ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে খালেদা জিয়া রাজধানীতে গণসংযোগ করবেন। তিনি রাজধানীর পাঁচটি অঞ্চল অর্থাত্ বৃহত্তর মিরপুর, রমনা-তেজগাঁও, সূত্রাপুর-কোতোয়ালী-যাত্রাবাড়ী, সবুজবাগ-খিলগাঁও এবং বৃহত্তর বাড্ডা-গুলশানে পথসভা করবেন।
