বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আবারো হ্যাকড হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকলেই নির্ধারিত ওয়েবপেজের বদলে দেখা যাচ্ছে অ্যানোনঘোস্ট নামে ভূতের ছবি সম্বলিত লোগো ও বার্তা। তবে সাইটের হোমপেজে দেখানো হচ্ছে ওয়েবসাইটের মেরামত কাজ চলছে। এর আগে গত ৯ ডিসেম্বরও আক্রান্ত হয়েছিল ওয়েবসাইটটি।
অ্যানোনঘোস্ট নামের একটি হ্যাকার দল তাদের বার্তায় বিশ্বের সব সরকারের প্রতি সতর্ক বাণী উচ্চারণ করেছে। বার্তার শেষাংশে বলা হয়েছে, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর। হ্যাকাররা কোন্ দেশের তা নিশ্চিত হওয়া না গেলেও পেজের একেবারে নিচে লাল রঙে মৌরিতানিয়া অ্যাটাকার্স লেখা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা ওয়েবসাইট আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
