আওয়ামী লীগ কেন্দ ীয় নেতা মোঃ নাসিম বলেছেন, ছোটখাটো ভুলত্রুটি মূল্যায়ন করে সরকারের বাকি সময়টা পার করতে হবে। কি পেলাম আর পেলাম না এটা ভাবার সময় এখন নয়। আমাদের সামনে বড় বিপদ। বিএনপি-জামায়াত জোট মরণ কামড় দেয়ার জন্য প্রস্তুত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আমরা যদি এ সরকারের আমলে না করি ওয়াদা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি গতকাল রবিবার দিনাজপুরে ঐতিহ্যবাহী স্টেশন ক্লাবে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন এ্যাডভোকেট ফজলে রাব্বি এমপি, প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ রায়, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি, ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, ড. আজিজুল ইসলাম এমপি, সুলতানা বুলবুল এমপি, সাবেক এমপি আব্দুল লতিফ, সাবেক এমপি ভারতি নন্দী সরকার, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান লাল, সহ-সভাপতি বজলুল হক, সাবেক এমপি সরদার মোশাররফ হোসেনসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশন আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলে সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এবং সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী নির্বাচিত হন। কাউন্সিলারদের ভোটে নির্বাচিতদের পরাজিতরা স্বাগত জানান। শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ঘনিষ্ট সহচর এমএ রহিমকে দেখতে তার বাসভবনে যান মোহাম্মদ নাসিম।
