রাজধানীর যাত্রাবাড়ীতে চা বিক্রেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
রাজধানীর যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক চা বিক্রেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সোয়া চারটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে দক্ষিণ কুতুবখালী এলাকার রাস্তায় গুলি করে ফেলে রেখে যায়। নিহত রফিকুলের কুতুবখালী বৌবাজারে চায়ের দোকান রয়েছে। তিনি বৌবাজার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির ম্যানেজারও বলে জানা গেছে। অন্যদিকে, যাত্রাবাড়ীর শেখদীতে গতকাল ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জুয়েল নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া চারটার দিকে বৌবাজারের দোকান থেকে হেঁটে অন্য একটি দোকানে যাচ্ছিলেন। কিছুুদূর যাওয়ামাত্রই একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুইজন সন্ত্রাসী রফিককে খুব কাছ থেকে গুলি করে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চাঁদাবাজি অথবা ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। অন্যদিকে, যাত্রাবাড়ী চাঁদনী মাঠ সংলগ্ন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন স্কুল ছাত্র জুয়েল। এক পর্যায়ে তিন/চার জন ছিনতাইকারী বুকে ছুরি ঠেকিয়ে তার গতিরোধ করে সব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। চিত্কার করলে ছিনতাইকারীরা জুয়েলের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারী সন্দেহে মোস্তফা নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর অবস্থায় জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম ওসমান গণি।