বিদেশি প্রভুরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না :হানিফ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ক্ষমতার মালিক জনগণ। তাই বিদেশি প্রভুরা আপনাকে ক্ষমতায় বসাতে পারবে না। গতকাল রবিবার শিখা চিরন্তনের পাশে বিজয় মঞ্চে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের ৪২তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল রবিবার জাতীয় শ্রমিক লীগ এই আলোচনা সভার আয়োজন করে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ১৯৯৬ সালে নির্বাচনের পরে দেশের জনগণ বুঝতে পেরেছিল তখন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আন্দোলন করে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসেছিলাম। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এই নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে। এ সময় তিনি বিরোধী দলকে আলোচনার মাধ্যমে কিভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় সেটা নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানান। বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে যতই আন্দোলন-সংগ্রাম করুন জনগণ আপনাদের ক্ষমা করবে না। দেশের জনগণ যদি আপনাকে ক্ষমা করে ক্ষমতায় বসায় তাহলেই কেবল ক্ষমতায় যেতে পারবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।