শীত এলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ঘরে ঘরে তৈরি হয় নানারকমের পিঠা। পাঠকের এই শীতকালীন আনন্দ বাড়াতে এমনই চার পদের পিঠার রেসিপি দিয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা জামান
ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
গো কু ল পি ঠা
উপকরণ :নারকেল কোরা ১ কাপ, চিনি আধা কাপ, চালের গুঁড়া ১ কাপ, সয়াবিন তেল ভাজার জন্য, পানি পরিমাণমতো।
প্রণালি :চুলায় পাত্রে নারকেল ও চিনি দিয়ে পুর তৈরি করুন। পুর ঠাণ্ডা হলে গোল গোল করে একটু চ্যাপ্টা করে গড়ে নিন। ১ কাপ পানি, আধা কাপ চিনি দিয়ে সিরা তৈরি করে নিন। চালের গুঁড়া পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে নারকেলের গোলাগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন এবং সিরায় ডুবিয়ে নিন। তৈরি হয়ে গেল গোকুল পিঠা।
ম্যা রা পি ঠা
উপকরণ :চালের গুঁড়া ২ কাপ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।
প্রণালি :প্রথমে চালের গুঁড়া গরম পানি দিয়ে কাই করে নিন। এবার কাই থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে চ্যাপ্টা করে শেইপ গড়ে নিন। এবার চুলায় অন্য একটি পাত্রে পানি দিন। ১ কাপ চালের গুঁড়া লবণ দিয়ে জ্বাল করুন। ফুটে উঠলে পিঠাগুলো দিন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন ভর্তার সাথে।
হা তে তৈ রি সে মা ই
উপকরণ :চালের গুঁড়া ১ কাপ, দুধ ২ লিটার, নারকেল কোরা আধা কাপ, গুড় আধা কেজি, পানি পরিমাণমতো, এলাচ ৩-৪টি।
প্রণালি :প্রথমে চালের গুঁড়া গরম পানিতে কাই করে লেচি কেটে নিন। লেচি থেকে দড়ির মতো লম্বা করে, গড়ে এক ইঞ্চি করে কেটে, হাত দিয়ে দুই পাশ সরু করে সেমাই তৈরি করুন। এবার চুলায় একটি পাত্র দিয়ে তাতে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে গুড় দিন, নারকেল দিন, সেমাই দিন। মাঝে মাঝে নেড়ে দিন। এলাচ দিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
রু টি পি ঠা
উপকরণ :চালের গুঁড়া ১ কেজি, লবণ স্বাদমতো, পানি আধা লিটার।
প্রণালি :চুলায় পাত্র দিয়ে পানি দিন। পানি ফুটে উঠলে লবণ, চালের গুঁড়া দিয়ে নেড়ে কাই করুন। এবার কাইকে ভালো করে মথে নিন। এরপর কাই থেকে ছোট ছোট লেচি কেটে রুটি বেলে তাওয়ায় সেঁকে নিন। তৈরি হয়ে গেল রুটি পিঠা এবং গরম গরম পরিবেশন করুন গরুর ভুনা মাংসের সাথে।
