চতুর্থ প্রজন্মের প্রসেসর তৈরির কাজ শুরু করছে ইন্টেল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৩৯
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১২ সাল ইন্টেলের জন্য একটি সাফল্যজনক বছর। এই অঞ্চলে প্রযুক্তির উদ্ভাবনে অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ইন্টেল। পরবর্তী প্রজন্মের প্রসেসর বাজারে ছাড়ার মাধ্যমে চলতি বছরে ইন্টেল কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। স্মার্টকার থেকে শুরু করে, ট্যাবলেট, আল্ট্রাবুক এবং সার্ভারে কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার ও তার প্রতিফলনের রূপ পাল্টে গেছে। এছাড়া ইন্টেল এশিয়া অঞ্চলকে গ্লোবাল পাওয়ার হাউজ হিসেবে তৈরি করতে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন অব্যহত রেখেছে। একুশ শতকের দক্ষতা ব্যবহার ও উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ করতেও উত্সাহ যোগাচ্ছে ইন্টেল। এমনটিই জানালেন ইন্টেলের বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর। সম্প্রতি বছর শেষে প্রযুক্তির হালনাগাদ তথ্য জানানো একটি সেশনে তিনি এসব জানান। তিনি জানান, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে কম্পিউটিং প্রযুক্তিকে আরও দ্রুত ও সহজ করতে চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ইন্টেল। আগামী বছরেই এটি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছে ইন্টেল। ২০১৩ সালে স্ক্রিন সাইজ, পাওয়ার প্রসেসিং এবং ওজনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানান জিয়া মনজুর।