আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ১২ নম্বর উজান চর পূর্ব ইউনিয়নের শেখেরকান্দী গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে একটি পাকা সড়ক বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে উজানচর ও ধরিয়ার চর হয়ে আবার বাঞ্ছারামপুর উপজেলা সদরে মিলেছে। পাকা সড়ক থেকে গ্রামের প্রায় মধ্যভাগ দিয়ে একমাত্র কাঁচা সড়কটির দৈর্ঘ্য ১ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৮ মিটার। সড়কটি গ্রামবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম। প্রায় ২০ বছর আগে সড়কটি হলেও আজ পর্যন্ত সেটা পাকা করার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ সড়কের উভয় পাশে অনেক পরিবারের বসবাস এবং সড়কটির শেষ প্রান্তে রয়েছে গ্রামের একমাত্র সরকারি পুকুর এবং বিশাল ঈদগাহ ময়দান। বর্ষাকালে রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে তখন যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়ায়। এলজিইডি’র রাস্তাটি অবিলম্বে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।
মোস্তাক আহাম্মদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
