ইতালিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে দাঁড়াতে প্রস্তত দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিয়ো মোন্তি। তবে তার সংস্কার কর্মসূচি গ্রহণকারী রাজনৈতিক দলগুলো এজন্য তাকে অনুরোধ জানালেই কেবল তিনি তা করবেন বলে জানান। রোমে এক সাংবাদিক সম্মেলনে মোন্তি বলেন, আসন্ন নির্বাচনের আগে এ মুহূর্তে তিনি কোনো দলের পক্ষ নিচ্ছেন না। তবে দরকার পড়লে তিনি ভবিষ্যত্ সরকারের নেতৃত্ব দিতে প্রস্তুত।
তার সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী যে কোনো জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত বলেও জানানি মোন্তি। আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না জানিয়ে তিনি বলেন, তারপরও কোনো রাজনৈতিক দল বা জোট তার সংস্কার পরিকল্পনামাফিক কোনো কর্মসূচি নিয়ে এগিয়ে এলে তিনি তাদেরকে উত্সাহ, পরামর্শ দেয়া এমনকি প্রয়োজনবোধে নেতৃত্ব দিতেও রাজি।
আবারো প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা করবেন কিনা জানতে চাওয়া হলে মোন্তি বলেন, “আস্থাশীল কোনো রাজনৈতিক শক্তি আমাকে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর অনুরোধ জানালে তাদের পক্ষ থেকে আমি তা বিবেচনা করে দেখব।”
