ব্যাংকগুলোকে শীতার্তের পাশে দাঁড়ানোর নির্দেশনা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:০৯
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিএসআরের (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) আওতায় শীতার্ত মানুষকে জরুরিভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর সমপ্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে স্বাক্ষরিত একটি পত্রে সিএসআর অংশ হিসেবে ব্যাংকগুলোকে এই নির্দেশ দেয়া হয়। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, অবহেলিত ও পিছিয়ে থাকা এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রভৃতি খাতে ব্যাংকগুলো সিএসআর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় গত শীত মৌসুমে অধিকাংশ ব্যাংক সিএসআর কার্যক্রমের আওতায় দেশের মঙ্গাপীড়িত এলাকা, দারিদ্র্যপীড়িত হাওর ও চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে শীতবস্ত্র বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করে। চলতি বছরে শীতের তীব্রতাকে বিবেচনায় নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং গরিব মানুষের মাঝে জরুরি কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করতে বলা হয়েছে সার্কুলারে। এদিকে সিএসআর কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে আরেকটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যে সকল ব্যাংক এখনও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা বা অনুদান কার্যক্রম চালু করেনি, তাদের দ্রুত এ ধরনের কার্যক্রম শুরু করার পরামর্শ দেয়া হয়েছে ওই সার্কুলারে।