‘আমাদের আন্তর্জাতিকমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে হবে’

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২০:১১

শতাব্দী ওয়াদুদ। টিভি নাটক, চলচ্চিত্র ও মঞ্চে সমানভাবে পদচারণা তার। নিজের অভিনয়ের মুন্সিয়ানার ছাপ রেখেছেন প্রতিটি ক্ষেত্রেই। শিগগিরই ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। সম্প্রতি তার ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শুরুতে জানতে চাই—

এখন বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটক নিয়ে ব্যস্ত আছি। ধারাবাহিক নাটকগুলো হলো ‘সত্যমঞ্চ’, ‘গোল্ডেন ভাই’ ও ‘মায়া মসনদ’। ‘সব ভালো থাক’ শিরোনামে একটি একক নাটকে কাজ করলাম। এছাড়া বিজয় দিবসের একটি নাটকের কাজ করেছি।

চলচ্চিত্র প্রসঙ্গে বলুন—

‘দাগ’ নামের একটি ছবির কাজ করা আছে। এটি সম্ভবত ফেব্রুয়ারিতে রিলিজ পাবে। এছাড়াও ‘দাহকাল’ নামের একটি ছবির কাজ করছি। সেটিরও প্রায় বেশিরভাগ কাজ শেষ হয়েছে। আপাতত চলচ্চিত্রের খবর এগুলোই।

ওয়েব সিরিজের প্রচলনটা আমাদের দেশে ভালোভাবে শুরু হচ্ছে। আপনাকে কোনো ওয়েব সিরিজে দেখা যাবে কি-না?

কয়েকটি ওয়েব সিরিজের সাথে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। এখনো কোনোকিছু চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে শিগগিরই হয়তো সেগুলো করবো।

বিশ্বে ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন অনেক। সেই জায়গা থেকে আমাদের দর্শকদের আগ্রহ এর প্রতি কেমন মনে করেন?

শুধু আমাদের দেশের কথা মাথায় রেখে ওয়েব সিরিজ নির্মাণ করলে হবে না। বিশ্বে যত বাংলা ভাষার লোক রয়েছে সবার জন্য উন্নত মানের ওয়েব সিরিজ নির্মাণ করতে হবে। ধারাবাহিক নাটকের মতো ওয়েব সিরিজ নির্মাণ করলে হবে না। বাইরের ওয়েব সিরিজগুলো আমাদের দর্শক দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে আমাদের আন্তর্জাতিকমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে হবে।

টিভি নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও আপনি সমানভাবে নিয়মিত। কীভাবে এটি সমন্বয় করেন?

একটু ঠাণ্ডা মাথায় সময় সমন্বয় করলে এটা সম্ভব। সবচেয়ে জরুরি সদিচ্ছা থাকতে হবে এবং মিথ্যা বলা যাবে না। যেটি আমি সবসময় করি।