বিজিবির শিরোপা অক্ষুণ্ন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৭
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবলের শিরোপা অক্ষুণ্ন রেখেছে। গতকাল সোমবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দলটি ৩১-২৬ গোলে বাংলাদেশ পুলিশকে এ কৃতিত্ব দেখায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১২ গোলে এগিয়ে ছিল। বিজিবির সুধন বড়ুয়া নয়টি, ইমদাদুল ছয়টি ও কামেল পাঁচটি এবং বাংলাদেশ পুলিশের হেলাল পাঁচটি, প্রীতি মোহন ও তারেক তিনটি করে গোল দেন। সুধন বড়ুয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন। গত আসরেও পুলিশ দলকে হারিয়ে শিরোপা জিতেছিল বিজিবি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় ফেডারেশনের সভাপতি একেএম নূরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক কমিটির সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।