গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সোমবার একটি বিদ্যুত্ উপকেন্দ্র উদ্বোধন ও একটি বিদ্যুত্ উপকেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি।
জানা যায়, গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় ৩৩/১১ কেভি বিদ্যুত্ উপকেন্দ্রটিকে ১০ এমভিএ থেকে ২০ এমভিএ ক্ষমতায় উন্নীতকরণ করা হয়। ঢাকা জোনের পল্লী বিদ্যুত্ সমিতির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাজারী লাল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক অহিদুল হক, সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, গাজীপুর পল্লী বিদ্যুতের কাপাসিয়া অঞ্চলের ডিজিএম সৈয়দ মোঃ আলী হোসেন, আব্দুল মজিদ দর্জি প্রমুখ। অনুষ্ঠানে সিমিন হোসেন রিমির স্বামী মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
পরে সিমিন হোসেন রিমি উপজেলার একমাত্র বিদ্যুত্ বিহীন ইউনিয়ন বারিষাব ইউনিয়নের পরিয়াব গ্রামে নতুন একটি ১০ এমভিএ ক্ষমতার ৩৩/১১ কেভি বিদ্যুত্ উপকেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন।
