উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধীদের সচ্ছল করার লক্ষ্যে মানবাধিকার জোটের প্রচেষ্টায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় মানুষদের সহায়তা দিতে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা এসব প্রতিবন্ধীকে একত্রিত করে তাদের হাতে তুলে দিয়েছে হুইল চেয়ার। এজন্য খুলনা জেলা প্রশাসক মেজবাহউদ্দিন নিজেই গত ২৩ ডিসেম্বর বটিয়াঘাটায় আসেন। সামাজিক সেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে সাতটি ইউনিয়ন থেকে আসা মোট ৭০ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ভগবতী গোলদার, জেলার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আব্দুল হামিদ।
