বর্বরতা!

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১০
মাধবপুরে এক হতদরিদ্রের খামারে বিষ প্রয়োগ করে ১ হাজার হাঁস হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ধরনের নিষ্ঠুর বর্বরতার ঘটনায় হতবাক এলাকার লোকজন । সুরমা গ্রামের মাসুক মিয়া তার ৬ সন্তান, বৃদ্ধ মা, বোবা বোন ও অন্যদের নিয়ে মানুষের বাড়িতে কাজ করে অর্ধাহারে অনাহারে কোন রকম দিন অতিবাহিত করে আসছিল । অভাব ছিল তার নিত্যসাথী । সংসারের অভাব দূর করতে অন্যদের পরামর্শে ধারদেনা করে একই গ্রামের নুরুল আমিনের সাথে গড়ে তোলেন হাঁসের খামার । ৪/৫ মাস পূর্বে ১ হাজার ছোট ছোট হাঁসের বাচ্চা ক্রয় করেন ৩৬ হাজার টাকা দিয়ে। এ ছাড়া খাবারের পেছনে খরচ হয়েছে প্রায় ২ লাখ। আশা ছিল কয়েক মাসের মধ্যেই ডিম বিক্রি করে দেনা পরিশোধ করবে সে। কিন্তু সে আশা পূরণ হয়নি মাসুক মিয়ার । গত শনিবার রাতে কে বা কারা হাঁসের খামারে বিষ প্রয়োগ করে । সকাল থেকে হাঁস মরতে শুরু করে । গত ২দিনে খামারের সবগুলো হাঁস মারা যায় । মাসুক মিয়ার ছোট ছোট সন্তান ও বৃদ্ধ মা হাফিজা বেগমের কান্নায় উপস্থিত লোকজন আবেগ আপ্লুত হন।