মূল্য সংযোজন কর বা ভ্যাট সম্পর্কে কক্সবাজারের ব্যবসায়ীদের সাথে কাস্টমস কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা রবিবার স্থানীয় এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের প্রতি যথাযথভাবে ভ্যাট প্রদান করে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার আহবান জানান। ব্যবসায়ীরা তাদের প্রদেয় অর্থ কক্সবাজারের উন্নয়ন খাতে ব্যয় করার দাবি জানান।
অর্থ মন্ত্রণালয়ের কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কাস্টমস কমিশনার মো. জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কক্সবাজার সী-বীচ হোটেল-মোটেল মালিক সমিতির সহ-সভাপতি ও ৫ তারকা হোটেল সী-গালের ব্যবস্থাপনা পরিচালক মাসুম ইকবাল, জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার। অনুষ্ঠানে আরো ২ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের গর্বিত মালিক কক্সবাজারের পর্যটন সম্ভাবনা সঠিকভাবে কাজে লাগানো হলে কেবল কক্সবাজারের আয় দিয়েই সারা বাংলাদেশ চলতে পারে।
ব্যবসায়ীরা কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বিনোদন সেবা বৃদ্ধি, সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন, কক্সবাজার পর্যন্ত রেল লাইন ও গ্যাস লাইন সম্প্রসারণ, বিমান বন্দরের উন্নয়নসহ কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নের জন্য সরকারের কাছে বিশেষ সহায়তারও দাবি জানান।
