চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে ২ কর্মচারীর মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১৩
চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে চায়ের দোকানের দুই কর্মচারী মারা গেছে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ফায়ার সার্ভিস জানায়, চায়ের দোকানে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাতে দুই কর্মচারীকে দোকানের ভিতর তালাবদ্ধ করে রেখে দোকানের মালিক বাড়িতে চলে যায়। ফলে আগুন লাগার পর তারা দোকান হতে বের হতে পারেনি। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুই কর্মচারী। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের একটি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের বয়স ১৫ থেকে ১৬ বছর হবে। ঘটনার পর দোকানের মালিক হারুন পলাতক রয়েছে। নিহত কর্মচারীদের পরিচয় জানা যায়নি। এ প্রসঙ্গে হাটহাজারী থানার উপ-পরিদর্শক জানান, চা-দোকানি হারুন পলাতক থাকায় নিহত কর্মচারীদের নাম-পরিচয় পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্র জানিয়েছে, দোকানের কর্মচারীরা নতুন হওয়ায় পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে দোকানের মালিক হারুন তাদের তালাবদ্ধ করে গেছে।