চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৩৬টি নগর স্বাস্থ্যকেন্দ্র ও দুইটি মাতৃসদন পরিচালনায় এডিবির সাথে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এসব প্রতিষ্ঠানের কর্মরত ৫৯০ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রক্ষায় গতকাল সোমবার চট্টগ্রাম সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সিটি মেয়র এম মনজুর আলম সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে প্রকল্পের কাজ অব্যাহত ও তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। প্রকল্পটি চালু রাখতে বছরে ১২ কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, এডিবির সাথে চুক্তির মেয়াদ শেষ হলেও প্রকল্পের কাজ চালু থাকবে।
প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে নগর স্বাস্থ্যকেন্দ্র কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের একটি প্রতিনিধি দল মেয়রকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় মেয়র এম মনজুর আলম বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সমস্যা আমাদের হচ্ছে—আপনাদের নয়। আমরা প্রশিক্ষিত জনবল তৈরি করেছি। আপনাদের চেয়ে আমাদের দায়বদ্ধতা বেশি।
