বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ইঙ্গিত দেয়ায় আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। এই নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে গতকাল সোমবার ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘অবরুদ্ধ রাজনৈতিক ও গণমাধ্যম কার্যালয়, গণতন্ত্র আজ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলীয় অধীনে নির্বাচন করার জন্য সরকার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র কখনো সফল হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না- হতে দেয়া হবে না। তাই আজ নির্বাচন অনিশ্চিত। যার কারণে গণতন্ত্রের পথও অনিশ্চিত। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ড. মোশারফ বলেন, সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম স্কাইপিতে জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল ও আওয়ামী লীগের মন্ত্রী কামরুলকে ‘কামরুল-টামরুল’ বলে ব্যঙ্গ করেছেন- এটা দোষের নয়। মাহমুদুর রহমান ইকোনোমিস্ট থেকে ঘটনাটি প্রকাশ করেছেন- এটা দোষের হয়েছে। নাসিম যে কাজ করেছেন- এটা গর্হিত কাজ। সত্য কথা প্রকাশ করা যদি অন্যায় হয়- তাহলে আমরা কোথায় আছি?
ডেমোক্রেটিক মুভমেন্টের উপদেষ্টা শাহাদাত্ হোসেন সেলিমের সভাপতিত্বে ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি আজিজুল হাইয়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, মিয়া মো. আনোয়ার, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম এবং স্বদেশমঞ্চের সভাপতি কামরুজ্জামান সেলিম প্রমুখ।
