পাবনা পৌর সদর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত দুইদিনে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
পাবনা প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। গুলিবিদ্ধ ২ জনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার নবীনগরের শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক ও বাঘাওড়া গ্রামের জামাল ডাক্তার ও শাহিন সরকার এই দুই গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকালের সম্মেলনের পক্ষে হারুন ডাক্তার এবং সম্মেলনের বিপক্ষে শাহিন সরকার অবস্থান নেন। উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হারুনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সম্মেলন স্থগিত করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
