রংপুর মেডিক্যালে মিছিলে শিবিরের হামলা, আহত ১০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
রংপুর মেডিক্যাল কলেজে জাসদ ছাত্রলীগের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রশিবির। এতে আহসান হাবিবসহ সংগঠনের ১০ নেতাকর্মী আহত হন। গত রবিবার সন্ধ্যায় কলেজের পিন্নু ছাত্রাবাসের সামনে এই হামলার ঘটনা ঘটে। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মিছিলটি বের করা হয়। এদিকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে জাসদ ছাত্রলীগ রংপুর মহানগর ও বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে । গতকাল সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব তথ্য জানান। ঐ হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাসদ ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রাহাত আল রাজিব ও বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম নবীন। লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াত-শিবির নিয়ন্ত্রিত পিন্নু ছাত্রাবাসের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় ঐ ছাত্রাবাস থেকে মিরাজ, সুমন, মুরাদ, রিফাতের নেতৃত্বে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ঐ হামলার সাথে ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার কোন নেতাকর্মী জড়িত নেই। নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সকল চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।