গোলাম আযমের পুনর্বিচারের আবেদনের ওপর শুনানি শুরু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪২
জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের পুনর্বিচার চেয়ে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল সোমবার তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানিতে আসামির আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, গোলাম আযমের বিরুদ্ধে মামলার সব কিছু দেশের বাইরে থেকে তৈরি করা হয়েছে। অভিযোগ গঠনসহ বিভিন্ন ধরনের আদেশ দেশের বাইরে থেকে তৈরি করে পাঠানো হয়েছে। আর এ কাজটি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে ব্রাসেলসসে বসে ড. আহমেদ জিয়াউদ্দিন করেছেন। মামলার কোন ডকুমেন্ট তদন্ত কর্মকর্তা মতিউর রহমান তৈরি করেননি। তাই এ বিচার আর কোন অবস্থায়ই চলতে পারে না। শুনানির শুরুতে গতকাল সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পুনরায় বিচার শুরুর আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, এ বিষয়ে শুনানি চলতে পারে না। কারণ স্কাইপ সংলাপ প্রকাশের ওপর ট্রাইব্যুনাল-২ একটি আদেশ দিয়েছেন। তাই এ নিয়ে আলোচনাও চলতে পারে না। এ সময় আব্দুর রাজ্জাক বলেন, স্কাইপ সংলাপ বিষয়ে তারা কেউ অস্বীকার করেননি। কেউ কোন প্রতিবাদ দেয়নি। এটি এখন প্রতিষ্ঠিত সত্য। পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, সাক্ষীতো আর ব্রাসেলস থেকে আসেনি। তারা সাক্ষ্য দিয়ে গেছেন। বিচার বাধাগ্রস্ত করার জন্যই এসব আবেদন করা হয়েছে। আবুল কালাম আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু জামায়াতে ইসলামের সাবেক রুকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন এখন শেষ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের বিষয়ে যুক্তি উপস্থাপন গতকাল সোমবার শেষ করে। পরে আসামিপক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স আবদুস শুকুর খান যুক্তি উপস্থাপন শেষ করেন। এখন শুধু রাষ্ট্রপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন বাকি রয়েছে। এ জন্য ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।