বিকেলের নাস্তায়

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:১৯

তরকারিতে হরহামেশা আলু ব্যবহার দেখেই আমরা অভ্যস্ত। তবে আলু দিয়েও আরো নানা সুস্বাদু খাবার তৈরি করা যায়। যা নাস্তা হিসেবে পুষ্টিকরও। এমন কয়েকটি রেসিপি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী

টর্নেডো পটেটো

উপকরণ :মাঝারি মাপের আলু ৩টি, গোলমরিচ আধ চা চামচ, গার্লিক পাউডার ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, লম্বা কাঠি ৩টি, অলিভ অয়েল ১ চা চামচ।

প্রণালি :প্রতিটি আলুতে একটি করে কাঠি লম্বালম্বী ঢুকিয়ে দিন। একটি ছুরি দিয়ে আলুগুলো স্পাইরালভাবে কেটে নিন। এতে করে আলু স্প্রিংয়ের আকার ধারণ করবে। এবার আলুর দু মাথা ধরে টান দিন, এতে প্যাঁচানো স্লাইসগুলোর মধ্যে ফাঁকা তৈরি হবে। এবার এতে গোলমরিচ, গার্লিক পাউডার ও লবণ মিশিয়ে নিন। এবার বেকিং প্যানে আলু উপরে অলিভ অয়েল ছড়িয়ে ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ২৫-৩০ মিনিট বেক করে নিন। হয়ে এলে সস দিয়ে পরিবেশন করুন।

 

ফ্রেঞ্চ ফ্রাই

উপকরণ :আলু আধ কেজি, হলুদ ১ চিমটি, লবণ সামান্য, তেল ভাজার জন্য।

প্রণালি :প্রথমে আলুর খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো আলুকে আঙুলের সাইজে ফালি ফালি করে কেটে নিতে হবে। এর পর ফালি করা আলু ঠাণ্ডা পানিতে সামান্য লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১০-১৫ মিনিট পর আলুর ফালিগুলো লবণ পানি থেকে ছেঁকে নিতে হবে। পানি ঝরানো হলে আলুর ফালিগুলোকে সামান্য লবণ ও ১ চিমটি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তেল গরম হলে অল্প অল্প করে মাখানো আলুর ফালিগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। লালচে আর মুচমুচে হয়ে এলে ছেঁকে তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিতে হবে।

 

স্মাইলি পটেটো

 

উপকরণ :আলু সিদ্ধ দেড় কাপ, চিজ গ্রেট করা আধ কাপ, কর্নফ্লাওয়ার আধ কাপ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।

প্রণালি :তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চটকে ডো করে নিন। এবার ডোটাকে বেলন দিয়ে বেলে নিন। এবার রিং ছাঁচ দিয়ে কেটে প্রতিটিকে চামচ ও পাইপ দিয়ে স্মাইল শেপ করে নিন। এবার ডুবো তেলে সোনালি রং করে ভেজে তুলুন। সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু স্মাইল পটেটো।