বর্ণিলতা ও আনন্দচ্ছটায় ভরা বিশ্ববিদ্যালয়। হাসি, ছন্দে আনন্দে, প্রেম বিরহে ভরপুর থাকে এ জীবন। এসবের মাঝে বন্ধু, আড্ডা গানে সবাই মুখরিত করেন আনন্দের হাটবাজার। ঠিক এরকম সম্পর্কের সাথে আবদ্ধ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ২২তম ব্যাচ। কদিন আগে এ ক্যাম্পাসে ভর্তি হয়েছেন সবে নবীন। সেমিস্টার পদ্ধতির সাথে খাপ খাওয়াতে এসে প্রথমে বেশ বিড়ম্বনায় পড়েন তারা।
কলেজ গণ্ডির ধাপ পেরিয়েই শাবির নিয়মিত ক্লাস-পরীক্ষায় ধকল সামলানো একটু কষ্ট বৈকি। তবে একাডেমিক গণ্ডির বাইরে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন বিষয়ে পরিচিত হতে তাদেরকে নিতে হচ্ছে বাড়তি চাপ ও দায়িত্ব। তবে এই চাপ থেকে মুক্তি ও একটু স্বস্তি নিতে বন্ধু-বান্ধবীদের সাথে তারা বাঁধভাঙা উল্লাস, হৈ-হুল্লোড় করতে বেছে নিয়েছেন একটি স্মরণীয় ও ‘ম্যাজিকেল ডে’। দিনটি আর কিছু নয়, এ শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় দিন ১২.১২.১২।
‘ম্যাজিকেল ডে’ উদযাপনে সমাজ বিজ্ঞান বিভাগের ১/২ সেমিস্টারের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজন করে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠান। প্রথমেই লটারির মাধ্যমে পারফরমেন্স করার আয়োজন হয়। লটারিতে যার নাম এবং যেটা করতে বলা হয়েছে তাকে সেটাই করতে হয়।
লটারিতে লেখা ছিল ‘পপ ড্যান্স, ইল পপ, নাইটসু, গান রিমিক্স, মুখাভিনয়, আন্দাজসু, কৌতুক ও ফ্যাশন ‘সু’, ব্রেক-আপ’সহ আরো অনেক মজার ইভেন্ট। ইভেন্টগুলোতে ছেলে-মেয়ে উভয়েই পারফর্মেন্স করতে হয়েছে। এর মধ্যে অংশগ্রহণ করেন আশরাফ আদনান, আহসান, লায়লা নিগার, শাফি, জুয়েল, কনক, কলি, মাহি, টুম্পা, মুমো, অনুকা, জিতেশ, জীবন, টনি সিংহা, নাদিম, কামরুল, রাজন ও নাইমসহ আরো অনেকে। অনেকের পারফর্মেন্স আশানুরূপ না হলেও দর্শকরা প্রচুর আনন্দ পান। সবার আনন্দ-উল্লাস ও হৈ-হুল্লোড়ে মেতে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
এর ফাঁকে ফাঁকে চলে ফুসকা খাওয়া। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এসব। আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে সবাই। তারপর মুহূর্তটিকে ফ্রেমবন্দী করতে শুরু হয় ফটোসেশন।
