ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়

দাবায় সেরাদের সেরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫২
‘প্রতিভাবানদের জন্যই দাবা’ এই শ্লোগানকে সামনে রেখে ২০০৯ সাল থেকে ‘ডুয়েট চেস্ ক্লাব’ প্রতি বছর ডুয়েটের সেরা দাবাড়ুদের নিয়ে আয়োজন করে থাকে দাবা টুর্নামেন্ট। এবার তারা মহান বিজয় দিবসকে উপলক্ষ করে আয়োজন করলো ‘আন্ত. ডুয়েট দাবা টুর্নামেন্ট-২০১২’। গত ১ ডিসেম্বর কে.এন.আই. হলের কনফারেন্স রুমে উদ্বোধন হওয়া ৪৮ জন দাবাড়ুদের নিয়ে এই টুর্নামেন্টটি সফলভাবে শেষ হয় ১০ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন এবং বিশেষ অতিথিরা হলেন: ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. কামরুজ্জামান, সহযোগী ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আবুল কাশেম, ডুয়েট চেস ক্লাবের ফাউন্ডার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে.এম.মুনীর হোসাইন ও কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম মাহিদ। সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট গীতেশ চাকমা। ডুয়েট সেমিনার হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, শুধু লেখাপড়ার মাঝেই সীমাবদ্ধ নয়, সকল ভাল এবং প্রতিযোগিতামূলক কাজে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। দাবা মেধাবীদের খেলা এবং এই মেধাবীদের মধ্যে যারা তুলনামূলক বেশি মেধাবী তাদেরকেই বাছাই করলো ‘ডুয়েট চেস্ ক্লাব’। অনুষ্ঠানে মোট ৪৮জন প্রতিযোগীর মধ্যে প্রথম থেকে ৮জনকে ক্রেস্ট প্রদান করা হয়। ২০১২-এর বিজয়ীরা হলেন: চ্যাম্পিয়ন- গীতেশ চাকমা (এমই-৪/২), ১ম রানার আপ-আবু কায়সার (সিএসই-২/২), ২য় রানার আপ-মন থিং সু (টিই-২/২), ৪র্থ-নূরুল হক (সিএসই-২/২), ৫ম-সাইফুল চৌধুরী (ইইই-১/২), ৬ষ্ঠ-সাফিউল্লাহ সুজন (এমই-৩/২), ৭ম-রুবেল হোসেন (এমই-৩/২) এবং ৮ম স্থান অধিকারী হলেন- তারিকুল ইসলাম (ইইই-৩/২)।