থ্রি-কোয়ার্টারে স্বাচ্ছন্দ্য

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:২০

 

n  রফিকুল ইসলাম

 

এই সময়ে ফুল প্যান্টের চেয়ে শর্ট প্যান্ট পরতেই অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেননা গরমের কথা মাথায় রেখে সবাই চান আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক পরতে। আর এই গরমে বাসায় প্যান্ট বা ট্রাউজার পরে থাকাটা অস্বস্তিকরই বটে। তাই এ সময়ের ফ্যাশনেবল তরুণ-তরুণীদের প্রথম পছন্দ থ্রি-কোয়ার্টার প্যান্ট। ঘরে কিংবা ঘরের বাইরে। সব জায়গায়ই ব্যবহার উপযোগী এই প্যান্ট। এখন অনেকেই জমকালো অনুষ্ঠানেও থ্রি-কোয়ার্টার প্যান্টে পরে যান। এটা শুধু আমাদের দেশেই না, পশ্চিমা দেশেগুলোতে অনেক আগে থেকেই থ্রি-কোয়ার্টার প্যান্ট ব্যবহার করেন প্রায় সব বয়সী লোক। যদিও আমাদের দেশে তরুণ-তরুণীরাই বেশি পছন্দ করেন এ প্যান্ট। আর এসব প্যান্টের চাহিদা বেশি থাকার কারণে কাপড় থেকে শুরু করে ডিজাইনেও এসেছে বেশ পরিবর্তন। থ্রি-কোয়ার্টার প্যান্টগুলো সাধারণত সুতি, রিমি কটন, কটন, সিল্ক, কাশ্মীরি, উলেন ও চেকের মধ্যে হয়। থ্রি-কোয়ার্টার প্যান্ট একটু ফিটিং পরতেই সকলে পছন্দ করে। থ্রি-কোয়ার্টার প্যান্টের দু পাশে দুটি পকেট থাকে। আবার অনেক প্যান্টে এর বেশিও দেখা যায়। আবার কোনো কোনো প্যান্টের নিচের দিকে লাগানো হচ্ছে অন্য কাপড়ের কিছু অংশ, যাতে সেটি আরো আকর্ষণীয় হয়। টাইট ফিটিং এসব প্যান্টের সামনের অংশে চেন অথবা বিভিন্ন রকেমের স্টিলের বোতামও লাগানো হয়ে থাকে। উজ্জ্বল রঙের প্রাধান্য বেশি লক্ষ করা যায় এসব থ্রি-কোয়ার্টার প্যান্টে। বাজারে ঘুরলেই চোখে পড়ে নানা বয়সীদের জন্য রয়েছে নানা ধরনের ডিজাইনের প্যান্ট। স্কুলগামী বাচ্চা থেকে শুরু করে তরুণ ছেলে-মেয়ে সবাইকে কমবেশি দেখা যায় এই পোশাকে। এসব প্যান্টের সবচেয়ে ভালো দেখা মিলবে ঢাকার নিউমার্কেট ছাড়াও দেশের অধিকাংশ বিপণি বিতানে। আর যদি নিজে বানাতে চান তাহলে ইসলামপুরে রয়েছে এসব কাপড়ের দোকান। রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তান, নিউমার্কেট, মিরপুর, উত্তরা প্রভৃতি এলাকায় কিনতে পাওয়া যাবে এসব প্যান্ট। এছাড়াও যেতে পারেন ওটু, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, প্লাস পয়েন্ট, বিগ বস, একস্ট্যাসি, ওয়েসটেকস, মেনস ক্লাবসহ শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিভিন্ন শোরুমে। ব্র্যান্ডের থ্রি-কোয়ার্টার প্যান্ট কিনতে আপনাকে গুনতে হবে ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত। তবে সাধারণ দোকান থেকে কিনলে দাম পড়বে ৩৫০ থেকে ৮০০ টাকা।

 

মডেল রনি ও স্বাধীন ছবি জুয়েল রানা