ফল

তাল ক্যালসিয়াম সমৃদ্ধ ফল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:২০

 

তাল ভারতীয় উপমহাদেশীয় একটি জনপ্রিয়, উপাদেয় এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ফল। এটি গ্রীষ্মকালীন ফল। তালগাছ পাম গোত্রের অন্যতম দীর্ঘ গাছ। এর বৈজ্ঞানিক নাম  Borassus flabellifer।

বাংলাদেশে তালের অনুমোদিত কোনো জাত নেই। তাল দেশের সর্বত্রই কমবেশি জন্মে তবে ফরিদপুর, ময়মনসিংহ, গাজীপুর, রাজশাহী ও খুলনা  অঞ্চলে  ভালো হয়।

তালের রস শ্লেষ্মানাশক, মূত্র বৃদ্ধি করে, প্রদাহ ও কোষ্ঠকাঠিন্য নিবারণ করে। তালের রস থেকে তৈরি তালমিসরি সর্দি-কাশির মহৌষধ। যকৃতের দোষ নিবারক ও পিত্তনাশক।

তাল ক্যালসিয়াম সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য তালে ৭৭.৫ গ্রাম জলীয় অংশ, ০.৭ গ্রাম খনিজ পদার্থ, ০.৫ গ্রাম হজমযোগ্য আঁঁশ, ০.৭ গ্রাম আমিষ, ০.২ গ্রাম চর্বি, ২০.৭ গ্রাম শর্করা, ৯ মিলিগ্রাম ক্যালসিয়াম  এবং ৮৭ কিলোক্যালরি খাদ্যশক্তি বিদ্যমান।

তালের ব্যবহার বহুবিধ। ফল হিসেবে শাঁস খাওয়া যায়। তালের রস নানা রকমের পিঠা তৈরিতে ব্যবহার করা হয়। তালগাছের কাঠ ঘর তৈরিতে ব্যবহূত হয়। তালপাতা দ্বারা ঘরের ছাউনি, হাতপাখা, চাটাই, মাদুর, পুতুল ইত্যাদি বহুবিধ সামগ্রী তৈরি করা  হয়। তাল অনেক অঞ্চলেরই জনপ্রিয় গাছ—কারণ এর কোনো কিছুই ফেলনা যায় না।