নতুন বছর
ডা. আহাদ আদনান
নতুন বছর এলে—
হিম ঠাণ্ডা বয় যে হাওয়া,
মামার বাড়ি এবার যাওয়া,
লেপের তলায় গুটিসুটি
রাঙা হবে এবার ছুটি।
নতুন বছর এলে—
লাল টমেটো, শিমের গুটি,
ফুলকপি আর ভাজা পুঁটি,
খেজুর রসের গরম পিঠা
ভাপা পুলি কি যে মিঠা।
নতুন বছর এলে—
ক্যালেন্ডারের রঙিন ছবি,
ডায়রি, খাতা, নতুন সবি।
----
নতুন পাঠ
মিলন সব্যসাচী
সোনা রোদের লুটোপুটি
খুললো খুকুর দোর,
উঠোন ভরে উঠলো হেসে
একটি নতুন ভোর।
মধুর সুরে গাইছে পাখি
নতুন দিনের গান,
খুশির আমেজ খুকুর চোখে
স্বপ্ন আলোর বান।
নীলচে রঙের অসীম আকাশ
সবুজ ঘেরা মাঠ,
প্রকৃতির এই পাঠশালাতে
খুকুর নতুন পাঠ।
----
সৌরভ
কাজী মোহিনী ইসলাম
একাত্তরের সেই সে দিনে
স্বপ্ন ছিলো কতো,
আনবে বিজয় মাটির মায়ায়
সবুজ ধানের মতো।
উঠছে জেগে সাহস বুকে
নীল যমুনার ঢেউ
নির্মমতার পাষাণ বুলেট
ভয় পায়নি কেউ!
মৃত্যুময় এক পাথর কালো
দীর্ঘ সময় শেষে
অমাবশ্যায় সূর্যটা যে
উঠলো হঠাত্ হেসে!
ওই আকাশে দেখছি আমি
পতাকার গৌরব—
দেশের জন্য দিয়ে গেছে তারা
বিজয়ের সৌরভ।
-----
ইতিহাস
মৃধা আলাউদ্দিন
আজকে আমি অনেক বড়
দেশ বাঁচানো সৈনিক,
একাত্তরের রক্ত নিয়ে
ভাবতে থাকি দৈনিক।
আবার যদি আসে একটা
দেশের ভেতর
মানুষ মারা যুদ্ধ,
এক গুলিতে মারবো সব-ই-
শুদ্ধ হবে
দেশটা আমার শুদ্ধ।
-----
হূদয় মাঝে
মোহাম্মদ ইলিইয়াছ
বিজয় দিনে হূদয় মাঝে
জনক তোমার কথা,
বজ্রকণ্ঠে ভেসে ওঠে
বাংলার স্বাধীনতা।
জয় বাংলা বাংলার জয়
নেইকো স্মৃতির ক্ষয়
সোনার বাংলার বীর সংগ্রামী
আর পাবে না ভয়।
-----
জবাফুল ফুটে থাক
জুলফিকার শাহাদাত্
একদিন নিশিরাতে,
আকাশের কোটিতারা নিভে গেল
ডুবে গেলো বাঁকা চাঁদ, শুকতারা
নিশ্চুপ হয়ে গেল অজপাড়া।
তারপর নিশিভূতে
গুম, গুম শব্দের ঝড় তুলে
নিষ্ঠুর হূদয়ের চোখ খুলে
কেড়ে নিল তাজাপ্রাণ অকাতরে
নিষ্পাপ কত ফুল গেল ঝরে।
তারপর,
লাখো লাখো তাজা প্রাণ ঝরে গিয়ে
রক্তের রাঙা নদী পাড়ি দিয়ে
একদিন,
বিতাড়িত হয়ে গেল নিশিভূত
এ মাটির মায়া বড় অদ্ভুত
বিস্ময়! এ পৃথিবী হতবাক
স্বাধীনতা জবাফুল ফুটে থাক।
-----
ফুলের ছড়া
জায়না আলম পিয়া
ফুলগুলো দেখতে ভালো
আকাশছোঁয়া মেয়ে,
আমায় ডাকে যখন তখন
পুবাল বাতাস পেয়ে।
গোলাপ ও গন্ধরাজ
সুগন্ধি এক ফুল—
বেলী দিয়ে আজ আমি
বাঁধব আমার চুল।
প্রথম শ্রেণি,
বনানী বিদ্যানিকেতন, ঢাকা।
----
নতুন বছর
ফারুক নওয়াজ
নতুন বছর তোমার কাছে তেমন কিছু চাওয়ার নাই
চাই যে শুধু শুদ্ধ মানুষ, লক্ষ ভালো মানুষ চাই।
চাই আরো এক বিদ্যাসাগর, চাই আরো এক রামমোহন
ইতিহাসের পৃষ্ঠা শুধু করছে তাদের নাম বহন।
একটা শুধু চাই রোকেয়া, একটা প্রীতি ওয়াদ্দেদার;
শিক্ষা এবং শক্তি দিয়ে ঘুচবে নারীর সব আঁধার।
নতুন বছর এই বাঙালির চলার গতি দীপ্ত হোক-
চাই আরো এক শেখ মুজিবুর জাতির পথ-নির্দেশক।
নতুন বছর দাও জ্বালিয়ে জাতির মনে দীপশিখা;
ফুল-ফসলে উঠুক ভরে বাংলাদেশের মৃত্তিকা
সত্য-জ্ঞানের বৃত্ত বাড়ুক, হাওয়ায় দুলুক দুর্বাদল—
এই বাঙালির প্রাণের আলোয় হোক আলোময় পূর্বাচল।
