আইপ্যাডের সাফল্যের পর থেকেই ট্যাবলেট পিসি তৈরির ধুম পড়ে যায়। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মাইক্রোসফট ও গুগল’র মতো জায়ান্টরা। তবুও নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করছে নতুন নতুন ট্যাবলেট পিসি। বাজারে গুঞ্জন, এই তালিকায় নাম লিখিয়েছে নকিয়া। অর্থাত্ সাধারণ মোবাইল ফোন আর স্মার্টফোনের পর এবারে ট্যাবলেট পিসি তৈরি করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। আসছে বছরের শুরুতেই এই নতুন ট্যাবলেট পিসি নকিয়া বাজারে আনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে অনলাইনভিত্তিক প্রযুক্তি বিষয়ক পত্রিকা দ্য ভার্জ। এসব ট্যাবলেট পিসিতে থাকবে বিশেষ ধরনের কিবোর্ড কভার, যাতে থাকবে নিজস্ব ব্যাটারি এবং সহায়ক পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহূত হতে সক্ষম। এতে থাকবে ইউএসবি পোর্ট ও এইচডিএমআই। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ৮-এর আরটি সংস্করণ। আর এই ট্যাবলেটগুলো তৈরি হবে এআরএম প্রসেসর দিয়ে। মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট পিসির মতো ১০.১ ইঞ্চি ডিসপ্লের এই ডিভাইসটি এটিঅ্যান্ডটি’র আওতায় বাজারে আসবে বলেই ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, শুরুতে খুব অল্প সংখ্যক ট্যাবলেট পিসি বাজারে আনবে নকিয়া। জানা গেছে, আসছে বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই ট্যাবলেট প্রদর্শন করবে নকিয়া। এই ট্যাবলেট পিসির নাম খুব সম্ভবত রাখা হবে ‘নকিয়া ১’। আনুষ্ঠানিকভাবে অবশ্য নকিয়া বা এটিঅ্যান্ডটি এ বিষয়ে কিছু জানায়নি।
