৫ মাসে ২৪ শতাংশ এডিপি বাস্তবায়ন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:০১
চলতি (২০১২-১৩) অর্থ বছরের প্রথম পাঁচ মাসে (জুলাই- নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) মোট বরাদ্দের ২৪ শতাংশ ব্যয় হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)। এ পাঁচ মাসে টাকার অংকে মোট ব্যয় ১৩ হাজার ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের অর্থ ব্যয় হয়েছে ৯ হাজার ৭৫ কোটি টাকা বা ২৭ শতাংশ। অন্যদিকে বৈদেশিক সহায়তার অর্থ ব্যয় হয়েছে ৪ হাজার ৩০৯ কোটি টাকা বা ২০ শতাংশ। উল্লেখ্য, চলতি অর্থবছরে মোট ১ হাজার ৩৭টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। এডিপিতে সরকারি তহবিল থেকে ব্যয়ের লক্ষ্য নিধারণ করা হয়েছে ৩৩ হাজার ৫শ’ কোটি টাকা। অন্যদিকে ২১ হাজার কোটি টাকার বৈদেশিক সহায়তা এডিপিতে ব্যয়ের জন্য লক্ষ্য নির্ধারণ রয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে পেরেছে বিদ্যুত্ বিভাগ। এ বিভাগ ব্যয় করছে ৩ হাজার ৫৭ কোটি টাকা (৩৯ শতাংশ)। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ ৩ হাজার ৪৭ কোটি টাকা (৩০ শতাংশ) প্রাথমিক ও গণশিক্ষা ১ হাজার ৫৭৭ কোটি টাকা (৩৬ শতাংশ), স্বাস্থ্য মন্ত্রণালয় ৫৫৮ কোটি টাকা (১৫ শতাংশ), রেলপথ মন্ত্রণালয় ৪২০ কোটি টাকা (১৩ শতাংশ), সড়ক বিভাগ ৮২১ কোটি টাকা (৩২ শতাংশ), শিক্ষা মন্ত্রণালয় ৭৫৪ কোটি (৩০ শতাংশ), পানি সম্পদ মন্ত্রণালয় ৪৬৩ কোটি টাকা (২২ শতাংশ), শিল্প মন্ত্রণালয় ৯৮ কোটি টাকা (৬ শতাংশ) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৪০৪ কোটি টাকা (২৬ শতাংশ) ব্যয় করেছে। অন্যদিকে প্রথম পাঁচ মাসে শিল্প মন্ত্রণালয় এডিপির মাত্র ৬ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃদ্ধি ত্বরান্বিত করতে চলতি বছরে শিল্প মন্ত্রণালয়ের মোট ২৬ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অবস্থাও একই। এ মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৮ শতাংশ। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগে বাস্তবায়ন হার ৪ শতাংশ। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় মাত্র ১ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে।